নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বহুল আলোচিত মা হত্যা মামলার প্রধান আসামি মো. মাজহারুল আনোয়ার রুবেলকে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেনের সার্বিক নির্দেশনা এবং কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ জুন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রুবেল নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর বড়ভিটা ময়দানপাড়া গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে। তিনি কিশোরগঞ্জ থানায় দায়ের করা আলোচিত হত্যা মামলার প্রধান আসামি।
পুলিশ জানায়, চলতি বছরের ৪ জুন নিজ মাকে হত্যার পর মরদেহ মাটিতে পুঁতে রাখার অভিযোগে কিশোরগঞ্জ থানায় পেনাল কোডের ৩০২, ২০১ ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘ অনুসন্ধান চালিয়ে আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারের পর আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
কিশোরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

