বাগেরহাট প্রতিনিধি :
সুন্দরবনের জয়মনির ঘোল এলাকায় অবস্থিত বাংলাদেশ কোস্ট গার্ডের হারবাড়িয়া স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্বরত কয়েকজন কোস্ট গার্ড সদস্য আহত হয়েছেন। কোস্ট গার্ডের দাবি, বনদস্যু ও তাদের সহযোগী চক্রের বিরুদ্ধে চলমান অভিযানে বাধা সৃষ্টি করতেই এই হামলা চালানো হয়েছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, উপকূলীয় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বনদস্যু দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে হারবাড়িয়া স্টেশন। সম্প্রতি বাহিনীর অভিযানে বনদস্যুদের অস্ত্র, রসদ ও লজিস্টিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বাধা সৃষ্টি হওয়ায় অপরাধী চক্রটি কোস্ট গার্ডের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা পরিকল্পিতভাবে স্টেশনের অবকাঠামো লক্ষ্য করে ভাঙচুর চালায়, যাতে কোস্ট গার্ডের নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম ব্যাহত হয়। ঘটনার পরপরই কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের শনাক্ত করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় অভিযান শুরু করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া উইং এক বিবৃতিতে জানায়, কোনো ধরনের হামলা, ভয়ভীতি বা অপপ্রচারের মাধ্যমে বাহিনীর আইনগত কার্যক্রম বন্ধ করা সম্ভব নয়। সুন্দরবনের বনজ সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় তাদের অভিযান আগের মতোই চলবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এদিকে ঘটনার পর সুন্দরবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সন্দেহভাজনদের ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে প্রশাসন।
স্থানীয় সূত্রগুলো বলছে, দীর্ঘদিন ধরে জয়মনির ঘোল এলাকা বনদস্যু ও অসাধু চক্রের কার্যক্রমের জন্য পরিচিত ছিল। কোস্ট গার্ডের কঠোর নজরদারির ফলে এসব চক্রের কর্মকাণ্ড অনেকাংশে সীমিত হয়ে পড়ে। এ কারণে অপরাধী গোষ্ঠীগুলো পুনরায় তাদের প্রভাব বিস্তারের লক্ষ্যে নানামুখী তৎপরতা চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
সাধারণ মানুষ ও পরিবেশবাদী সংগঠনগুলো হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সুন্দরবনের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে। তাদের মতে, জাতীয় গুরুত্বপূর্ণ এই বনাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
কোস্ট গার্ড জানিয়েছে, বনদস্যু দমন, চোরাচালান প্রতিরোধ এবং সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
এই বাংলা/এমএস
টপিক

