নাটোর প্রতিনিধি :
নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এক নারী রোগীর স্বজনকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় নারী, রোগী ও তাদের স্বজনরা। বৃহস্পতিবার দুপুরে তারা হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
বিক্ষোভকারীরা হাসপাতালের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন। একপর্যায়ে হাসপাতালের প্রধান ফটক সাময়িকভাবে বন্ধ করে তারা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুবুর রহমানের অপসারণের দাবিও তোলেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হাসপাতালের প্রধান ফটক খুলে দেওয়া হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযোগ অনুযায়ী, গত ৭ জুন রাতে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন এক শিশুর মাকে ওষুধ দেওয়ার কথা বলে হাসপাতালের একটি নির্জন স্থানে নিয়ে যান হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী অমিত বাসফোর। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। একই সময় ঘটনাটির ভিডিও ধারণ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় আরও কয়েকজনের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।
ঘটনার পর থেকেই হাসপাতাল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীরা বলেন, হাসপাতালের মতো একটি সংবেদনশীল স্থানে এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

