স্টাফ রিপোর্টার :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের মাচইল এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৫১ পুরিয়া গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে মাদক বিক্রির এবং অপর দুইজনের বিরুদ্ধে মাদক ক্রয়ের অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) জাফর ও অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) আনোয়ারের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বাবু রবি দাস নামে এক ব্যক্তির কাছ থেকে ৫১ পুরিয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫৫৪ টাকা উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে সিজান ও জনি নামে আরও দুজনকে আটক করা হয়। পুলিশ জানায়, তারা মাদক কেনার উদ্দেশ্যে সেখানে উপস্থিত ছিলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে একজন স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিনি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইন অনুযায়ী তার বিষয়ে প্রয়োজনীয় বিধান অনুসরণ করা হবে।
শিবগঞ্জ থানা পুলিশের কর্মকর্তারা জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে এবং মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

