কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় অভিযান চালিয়ে ৫৪ বোতল বিদেশি মদ ও আট কেজি গাঁজাসহ সাতজন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের তিনটি পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের রিয়াদ হোসেন মুন্না (২৪), কাউছার (২৯), পেচাই মুড়ি গ্রামের সাইফুল ইসলাম (২৬), সোহাগ উদ্দিন (২৬), রামরায় গ্রামের শারমিন আক্তার (২৭), বাসন্ডা গ্রামের হৃদয় (২৬) এবং নেত্রকোনা জেলার আটপাড়া গ্রামের মো. হিফজুর রহমান (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলীয়ারা এলাকায় স্থানীয়দের ধাওয়ার মুখে এক মাদক ব্যবসায়ী মাদক ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে ১৪ বোতল বিদেশি মদ উদ্ধার করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এদিকে পেরিয়া ইউনিয়নের মঘুয়া বাজার সংলগ্ন এলাকায় এসআই কামালের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৪০ বোতল বিদেশি মদ, ক্যান বিয়ার ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। এ সময় চারজনকে আটক করা হয়।
অপরদিকে একই ইউনিয়নের মুন্সি কলমিয়া এলাকায় এসআই অঞ্জনের নেতৃত্বে আরেকটি অভিযানে আট কেজি গাঁজা উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরিফুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

