সিংড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় গ্রেপ্তার ১০

নাটোরের সিংড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় মামলা গ্রেপ্তার-১০ / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

নাটোরের সিংড়া উপজেলায় পুলিশের ওপর হামলা ও পুলিশ গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নেজাম উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। হামলার ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—থেলকুড় গ্রামের মো. তুহিন, মো. ফারুক, মো. জাহাঙ্গীর, মো. মমিন, মো. রিংকু, মো. বিপ্লব হোসেন, মো. রফিকুল ইসলাম, মো. বেলাল হোসেন, মো. রিমন হোসেন এবং মো. আমজাদ হোসেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার থেলকুড় গ্রামের সিয়াম আলী (১৭) নামে এক কিশোর সরিষা ভাঙানো একটি গাড়িসহ উল্টে গিয়ে নিহত হন। পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ উদ্ধার করতে চাইলে স্থানীয় কিছু লোক বাধা দেয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং স্থানীয়রা পুলিশের ওপর হামলা চালায়। এতে সিংড়া থানার এসআই মো. নেজাম উদ্দিন, কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লব কুমার রায় এবং কনস্টেবল আশরাফুল ইসলাম আহত হন। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ১০ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here