সাটুরিয়া প্রতিনিধি :
মানিকগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় সকল ক্যাটাগরিতে অনন্য পারফরম্যান্স প্রদর্শন করে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন সাটুরিয়া থানার ওসি নজরুল ইসলাম। একইসঙ্গে মাদক উদ্ধার ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন সাটুরিয়া থানার এসআই (নিঃ) মিঠুন কুমার দাস।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক অপরাধ সভায় আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দ্রুত মামলা নিষ্পত্তি এবং সাটুরিয়া উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা রাখায় ওসি নজরুল ইসলামকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। জননিরাপত্তা নিশ্চিতকরণে তার নেতৃত্ব ও আন্তরিকতা জেলা পুলিশের ঊর্ধ্বতন মহলেও প্রশংসিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এছাড়া এসআই মিঠুন কুমার দাস বিভিন্ন মাদক উদ্ধার এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করে জেলার শ্রেষ্ঠ এসআই হওয়ার গৌরব অর্জন করেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ অর্জন প্রসঙ্গে ওসি নজরুল ইসলাম বলেন, “এ সাফল্য আমার একার নয়, সাটুরিয়া থানার প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও সাটুরিয়াকে অপরাধমুক্ত ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাব।”
এই বাংলা/এমএস
টপিক

