গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া এবং জামায়াত মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে পদ থেকে অব্যাহতি ও দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা এই সংক্রান্ত একটি লিখিত আবেদন সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর জমা দিয়েছেন।
মূল অভিযোগগুলোতে বলা হয়েছে, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমান জয়লাভ করলেও, জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী দলের প্রার্থীর বিরোধিতা করেছেন। তিনি প্রকাশ্যে জামায়াত প্রার্থী শাহ আলম বকশীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে কাজ করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া, তার বিরুদ্ধে কালিয়াকৈর পৌর ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে আর্থিক লেনদেনের মাধ্যমে প্রায় ৩৬ জন ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ’ নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করে ৮২ সদস্যের কমিটি ঘোষণার অভিযোগও আনা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযোগে আরও বলা হয়েছে, ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার করে তিনি জামায়াত প্রার্থীর পক্ষে অবস্থান নেন এবং জিজ্ঞাস্য আছে যে, ভোটারদের মাঝে বিতরণের জন্য প্রার্থীর কাছ থেকে ৫ কোটি টাকা গ্রহণ করেছেন। এছাড়া, তিনি ও তার ভাই ইয়াদ আহমেদ সিদ্দিকী বিভিন্ন সময় দল ও নেতাদের সম্পর্কে কটূক্তি করেছেন।
আবেদনকারীরা উল্লেখ করেছেন, দলের শৃঙ্খলা রক্ষার জন্য ইশরাক আহমেদ সিদ্দিকীকে দ্রুত দায়িত্ব থেকে অব্যাহতি ও স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করার দাবি জানানো হয়েছে।

