নওগাঁ প্রতিনিধি :
নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিলভবানীপুর (পূর্বপাড়া) গ্রামের মনতাসুর রহমানের বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ধারণা করছেন, নারীর মরদেহ কোথাও হত্যা করে গোপন করার উদ্দেশ্যে সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বাড়ির মালিক মনতাসুর রহমান জানান, সোমবার সকালে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে তিনি জানতে পারেন যে তার বাড়ির টয়লেটের ট্যাংকের ভেতরে মরদেহ রয়েছে। বিষয়টি নিশ্চিত করতে রাতেই তিনি নওগাঁ সদর মডেল থানায় খবর দেন। মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক জানান, মরদেহটির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে শরীরে আঘাতের চিহ্ন আছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে। নিহত নারীর পরিচয় ও ঘটনাস্থল রহস্য উদঘাটনের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

