কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভাগিনা মোঃ আনিছুর রহমানের (৪৮) আঘাতে তাঁর মামা মোঃ খায়রুল হক (৬৫) নিহত হয়েছেন। ঘটনা ঘটেছে বজরা ইউনিয়নের কালপানি বজরা গ্রামের টিটমারপাড়া এলাকায়।
জানা গেছে, বুধবার সকালে পারিবারিক বিবাদের এক পর্যায়ে কথা কাটাকাটির সময় মোঃ আনিছুর রহমান তাঁর মামা মোঃ খায়রুল হকের মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় পরিবারের লোকজন খায়রুল হককে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ঘটনার পর বৃহস্পতিবার বিকেলে উলিপুর থানা পুলিশের একটি দল বজরা ইউনিয়নের ওই এলাকা থেকে হত্যাকারী মোঃ আনিছুর রহমানকে গ্রেফতার করে। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

