নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া)প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জুলাই শহীদ হাফেজ মোনায়েম আহম্মেদ ইমরানের বাবা ছোয়াব মিয়া (৫৫)।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির আয়োজনে সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের সমাবেশে যোগদানের উদ্দেশ্যে ছোয়াব মিয়া স্থানীয় এক ছাত্রনেতার সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। নাসিরনগর–সরাইল আঞ্চলিক মহাসড়কের পুটিয়া ভুঁইয়া ঘাট সংলগ্ন স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছোয়াব মিয়া নিহত হন।
দুর্ঘটনার পর সমাবেশে আসা জনতা ট্রাকটির পিছু ধাওয়া করে কুন্ডা গ্রাম এলাকায় গিয়ে চালকসহ ট্রাকটিকে আটক করে। গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী জানান, তিনি দুর্ঘটনার খবর পেয়ে নিহতের পরিবার ও প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম ঘটনাস্থলের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ইতোমধ্যে দুর্ঘটনার স্থলে উপস্থিত আছে। ছোয়াব মিয়ার আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই বাংলা/এমএস
টপিক

