কুড়িগ্রামে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

0
309
কুড়িগ্রামে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকারের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায় ও অনিয়মের অভিযোগ / ছবি - সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকারের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায় ও বিদ্যালয়ের প্রশাসনে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে বুধবার (২১ জানুয়ারি) শিক্ষার্থীদের অভিভাবক মোঃ শাহাজাহান সরকার লিখিতভাবে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে (ইউএনও) অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়েছে, সরকারি বিধি অনুযায়ী নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি সর্বোচ্চ ৩০২ টাকা হওয়া উচিত, কিন্তু প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকার জনপ্রতি ৬০০ টাকা আদায় করছেন। একইভাবে ষষ্ঠ শ্রেণিতে সরকার নির্ধারিত সর্বোচ্চ ফি ৫০০ টাকা হলেও শিক্ষার্থীদের থেকে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা নেওয়া হচ্ছে। এছাড়া অন্যান্য শ্রেণিতে সেশন ফি ও ভর্তি ফি বাবদও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযোগ অনুযায়ী, প্রধান শিক্ষক স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছেন। আদায়কৃত অর্থ ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করা হচ্ছে, বিদ্যালয়ের ব্যাংক ভবনের কাজ শেষ না করে চেক ডিজঅনার হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে প্রাইভেট কোচিং কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা পাঠদান কার্যক্রম ব্যাহত করছে। বিদ্যালয়ের প্রায় ৮০টি দোকানঘরের ভাড়া বাবদ অর্থের হিসাব স্বচ্ছ নয়।

অভিযোগকারী মোঃ শাহাজাহান সরকার বলেন, “প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের বিষয়ে আগে সংবাদও প্রকাশিত হয়েছে। তবুও তিনি প্রশাসনিক সতর্কতা উপেক্ষা করে অনিয়ম চালিয়ে যাচ্ছেন।” তিনি দাবি করেন, বিষয়টি তদন্ত করে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে, প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকার অতিরিক্ত ফি নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন, তবে বলছেন এটি বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হচ্ছে। তিনি অভিযোগের সবকটি প্রকারেই অস্বীকৃতি জানিয়েছেন এবং বলেন, “একটি কুচক্রি মহল আমার ও বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করার জন্য অপপ্রচার চালাচ্ছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ মাহামুদুল হাসান জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়ার পর সোমবার কমিটির একটি মিটিং ডাকা হয়েছে। সেখানে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here