রৌমারীতে ঘুষ লেনদেনকে কেন্দ্র করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্যবান্ধব ডিলারের মারামারি

0
159
কুড়িগ্রামের রৌমারীতে ঘুষ নিয়ে সরকারি কর্মকর্তার সাথে ঘুষাঘুষি / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ঘুষ লেনদেনকে কেন্দ্র করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মোঃ মিজানুর রহমান ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মোঃ আব্দুর রাজ্জাকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রৌমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, মোঃ আব্দুর রাজ্জাক রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার এবং আবু হাসনাত মোঃ মিজানুর রহমান রৌমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘটনার একটি ভিডিও চিত্র প্রতিবেদকের হাতে এসেছে।

এ বিষয়ে ডিলার মোঃ আব্দুর রাজ্জাক জানান, লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি মীমাংসা করে দেবেন বলে তিনি আশাবাদী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অন্যদিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মোঃ মিজানুর রহমান বলেন, টিসিবি কার্যক্রমের চালের ডিও নিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ওই ডিলার ও যুবদল নেতা উত্তেজিত হয়ে তাকে মারধর করেন। বিষয়টি তিনি ইউএনওকে অবগত করেছেন এবং তার পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন বলেন, বিষয়টি তিনি জেনেছেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক থানায় লিখিত অভিযোগ দিতে পারেন বলে তাকে জানানো হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শাহনেওয়াজ জানান, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here