
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (BMUJ)-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক কমিটি অবশেষে আত্মপ্রকাশ করেছে। জেলা শহরের একটি অভিজাত রেস্তোরায় আয়োজিত সভা শেষে সর্বসম্মত সিদ্ধান্তক্রমে তিন সদস্যের উপদেষ্টা কমিটিসহ ২১ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত বিএমইউজে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন এস. এম. আলী আজম এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন এহসানুল হক রিপন।
এছাড়া তিন সদস্যের উপদেষ্টা কমিটিতে কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু, ডেইলি মর্নিং অবজারভারের প্রতিনিধি আমিনুল ইসলাম আহাদ এবং আইন উপদেষ্টা হিসেবে ব্যারিস্টার শামসুদ্দিন ভূঁইয়া সোহাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী তিন মাসের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী জেলা কমিটি গঠন করা হবে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহেল আহমেদ সোহেল ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
প্রসঙ্গত, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (BMUJ) সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় সারাদেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটি নির্যাতিত ও নিপীড়িত সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায় এবং একটি কার্যকর সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
এই বাংলা/এমএস
টপিক
