স্টাফ রিপোর্টার :
নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় সরিষা ক্ষেতের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জাবারীপুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ছয়টার দিকে মাঠে কাজ করতে যাওয়ার সময় কয়েকজন কৃষক সরিষা ক্ষেতের ধারে অচেতন অবস্থায় পড়ে থাকা এক যুবকের মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন ধরে ওই এলাকায় কিছু অপরিচিত লোকের আনাগোনা লক্ষ্য করা গেলেও বিষয়টি তেমন গুরুত্ব পায়নি। তবে লাশ উদ্ধারের পর এলাকাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পুলিশ জানায়, নিহত যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার সরদারপাড়া এলাকার সেকেন্দার আলীর ছেলে আশরাফুল (৩০)।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় তাকে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে রাখা হতে পারে। ঘটনাটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। হত্যার আলামত মিললে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় অভিযান চালানো হবে।
এই বাংলা/এমএস
টপিক

