নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার ঘটনায় বাবা ও ছেলেসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের জুম্মারপাড় এলাকার ইসমাইল হোসেনের ছেলে মো. এরশাদ আলী (৪৫) এবং তার ছেলে মো. সজিব (২২)।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
র্যাব সূত্রে জানা যায়, গাড়াগ্রাম ইউনিয়নের কালিরধান এলাকার প্রয়াত জমসের আলীর স্ত্রী দেলোয়ারা বেগম ওরফে দুলালী দীর্ঘদিন ধরে বাড়িতে একাই বসবাস করছিলেন। তার সন্তানরা কেউ ওই বাড়িতে থাকতেন না। গত ৯ জানুয়ারি দুপুরে নিজ বাড়ির উঠানে তাকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় নিহত দেলোয়ারা বেগমের ভাই হাফিজুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে র্যাব-১৩ এর সিপিসি-২ ও র্যাব-৪ এর যৌথ দল বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা জেলার সাভারের জয়নাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য তাদের কিশোরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

