নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়া উপজেলায় ডেভিল হান্ট অভিযানসহ পেশাদার চোর, মাদক ও বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ভ্রাম্যমাণ আদালত মাদক মামলায় দুইজনকে কারাদণ্ড প্রদান করেছেন।
বুধবার (১৪ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি রিফাত মাহমুদ পিয়াস (৩৩)। এছাড়া পৌরসভার গাইনপাড়া মহল্লার পেশাদার চোর মো. অন্তর (২৭) ও মো. আল-আমিন (২৫), একই এলাকার ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. জিল্লুর রহমান (৪৩), মাস্টারপাড়ার সম্পা চৌধুরী, কলেজপাড়ার মাদক মামলার আসামি শ্রী শ্যাম কুমার চৌধুরী (২৮), গাঁজাসহ গোডাউনপাড়া মহল্লার মো. জিসান (২১), মাদক মামলার আসামি শ্রী শম্ভু চন্দ্র মহন্ত, মো. সুলতান আলী এবং মাস্টারপাড়ার মো. হাবিল খন্দকার রয়েছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারায় মো. সুলতান আলী ও মো. হাবিল খন্দকারকে ১৪ দিনের কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর জানান, “দুইজন পেশাদার চোরসহ বিভিন্ন মামলায় মোট ১০ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, “দুজন মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সিংড়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এই বাংলা/এমএস
টপিক

