নাটোরের নলডাঙ্গায় দুর্ঘটনাকবলিত রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা থেকে ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধারের ঘটনায় নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহানকে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) অভিযানের সাফল্যের স্বীকৃতি হিসেবে নাটোরের পুলিশ সুপার তাকে এ পুরস্কার দেন বলে থানা সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, গত ১৪ সেপ্টেম্বর বিকেলে নলডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বুড়িরভাগ গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় নলডাঙ্গা থানা পুলিশের একটি দল। এ সময় দুর্ঘটনাকবলিত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহান। পুরস্কার পাওয়ার পর তিনি বলেন, তাঁর নেতৃত্বে নলডাঙ্গা থানা পুলিশ ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ সাফল্যের জন্য পুলিশ সুপার তাকে আর্থিকভাবে পুরস্কৃত করেছেন।
তিনি নলডাঙ্গা থানা পুলিশের সদস্যদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এই বাংলা/এমএস