বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

২৫০ ট্রাক ময়লা সরানোয় ব্যবসায়ীদের ফুল দিলেন চট্টগ্রামের ডিসি

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

 

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িতে প্রায় এক যুগ ধরে জমে থাকা ২০০ থেকে ২৫০ ট্রাক ময়লা-আবর্জনা ও নির্মাণবর্জ্য অপসারণ করায় সিজেকেএস শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের ফুল ও সম্মাননা স্মারক দিয়ে সম্মান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

মঙ্গলবার (৬ অক্টোবর) সিজেকেএস শপিং কমপ্লেক্সে গিয়ে ব্যবসায়ী নেতাদের হাতে ফুল তুলে দেন জেলা প্রশাসক।

এ সময় তিনি বলেন, ‘জেলা প্রশাসন শুধু ফুল নেয় না, জেলা প্রশাসন ফুল দেয়।’

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামসংলগ্ন শপিং কমপ্লেক্সের একটি অংশে প্রায় ১২ থেকে ১৩ বছর ধরে ময়লা ও নির্মাণবর্জ্য জমে ছিল। দীর্ঘদিনের বর্জ্য একসময় বিশাল স্তূপে পরিণত হয়। এতে দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশ, মশার প্রজনন এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হয়।

জেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি নিজেদের উদ্যোগে বর্জ্য অপসারণ শুরু করে। কয়েক দিনের মধ্যেই এক যুগের জমে থাকা বর্জ্য সরিয়ে ফেলা হয়।

দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, জেলা প্রশাসক নিজে এসে তাদের ধন্যবাদ জানিয়ে ফুল দিয়ে উৎসাহিত করবেন, তা তারা ভাবেননি। তাঁর এই স্বীকৃতি ব্যবসায়ীদের আরও ভালো কাজে উৎসাহিত করেছে।

জেলা প্রশাসক বলেন, নাগরিকদের অংশগ্রহণ ছাড়া একটি শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখা সম্ভব নয়। ভালো কাজের স্বীকৃতি অন্যদেরও এ ধরনের উদ্যোগে উৎসাহিত করবে।

তিনি বলেন, ‘হয়তো এই ফুল সামান্য। কিন্তু তাঁদের প্রতি আমার যে ভালোবাসা, যে সম্মান—সেটা অনেক বড়।’

বর্জ্য অপসারণ করা জায়গাটিতে বাগান করার পরিকল্পনার কথাও জানান জেলা প্রশাসক। সেখানে বসার জায়গা ও পানির ব্যবস্থা থাকবে। ভবিষ্যতে কেউ যাতে সেখানে ময়লা ফেলতে না পারে, সে জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপনের কথাও জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, ‘এখানে কোনো ছাড় আমি দেব না।’

এক যুগ ধরে জমে থাকা বিপুল পরিমাণ ময়লা অপসারণের পর বদলে যাচ্ছে জায়গাটির চেহারা। ব্যবসায়ীদের এ উদ্যোগের স্বীকৃতি হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল ও সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে নাগরিক অংশগ্রহণ ও ভালো কাজকে উৎসাহিত করার বার্তা দেওয়া হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর