
নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়া উপজেলায় জ্বালানি তেল মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ১০ হাজার লিটার ডিজেল অবৈধভাবে সংরক্ষণের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) দুপুরে সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত। অভিযানে মাটির নিচে পানির ট্যাংকিতে সংরক্ষিত প্রায় ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় সততা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রুবেলকে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং আগামীকালের মধ্যে ডিজেল দোকানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
অন্যদিকে একই দিনে উপজেলার শেরকোল ও হাতিয়ান্দহ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান দিপু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির পরিকল্পনার অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ ধরনের অনিয়ম ঠেকাতে প্রশাসনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক
