ভোলা প্রতিনিধি :
ভোলা জেলার সাংবাদিকদের অন্যতম পুরোনো সংগঠন ভোলা প্রেসক্লাব দীর্ঘদিন ধরে কমিটি গঠন ও সদস্যপদ প্রদানকে কেন্দ্র করে বিভিন্ন বিতর্কের মুখে রয়েছে। স্থানীয় সাংবাদিকদের একটি অংশের অভিযোগ, সংগঠনটির নেতৃত্ব ও সদস্যপদ প্রদানে আধিপত্য বিস্তার নিয়ে সময় সময় বিরোধ সৃষ্টি হয়েছে।
জানা যায়, ভোলার পেশাদার সাংবাদিকদের উদ্যোগে প্রতিষ্ঠিত এ সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন এম আবু তাহের। প্রতিষ্ঠার সময় কবি ও রাজনীতিবিদ মোশারেফ হোসেন শাজাহানসহ স্থানীয় সাংবাদিক সমাজের অনেকেই এর সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে সাংবাদিকদের অংশগ্রহণে প্রেসক্লাব পরিচালিত হলেও সদস্যপদ ও নেতৃত্ব নিয়ে মতবিরোধের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় সূত্র জানায়, নতুন সদস্য অন্তর্ভুক্তি নিয়ে একাধিকবার বিরোধ দেখা দেয়। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে কয়েকজন সাংবাদিক আদালতের দ্বারস্থ হন এবং পরে আদালতের নির্দেশে তাদের সদস্যপদ অন্তর্ভুক্ত করা হয় বলে জানা গেছে।
সাংবাদিকদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী গোষ্ঠী প্রেসক্লাবের সদস্যপদ ও কমিটি গঠনে প্রভাব বিস্তার করছে। এতে অনেক পেশাদার সাংবাদিক সদস্যপদ থেকে বঞ্চিত হয়েছেন এবং সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাননি।
অন্যদিকে সংশ্লিষ্টদের একটি অংশ এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, প্রেসক্লাবের সব কার্যক্রম সংগঠনের গঠনতন্ত্র মেনেই পরিচালিত হয়েছে।
স্থানীয় সাংবাদিক মহলের মতে, ভোলা প্রেসক্লাবকে সকল সাংবাদিকের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে হলে সদস্যপদ প্রদান ও কমিটি গঠনে স্বচ্ছতা, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং পেশাদারিত্ব নিশ্চিত করা প্রয়োজন।
এই বাংলা/এমএস
টপিক

