নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ নয়জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তা প্রতিহত করায় তারা বর্তমানে সীমান্তের শূন্যরেখা বা নো-ম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন।
বুধবার সকালে নওগাঁ-১৬ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোররাতে সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত এলাকায় সীমান্ত পিলার ২৪৪/এমপি সংলগ্ন অংশ দিয়ে বিএসএফের সদস্যরা তিনজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশুকে বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা করে।
খবর পেয়ে আদাতলা বিওপির বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। পরবর্তীতে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় জনগণের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, বিষয়টি জানার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও চলতি মাসে নওগাঁর পোরশা ও সাপাহার সীমান্ত দিয়ে কয়েক দফা অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল। সেসব ক্ষেত্রেও বিজিবির সতর্ক অবস্থান ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।
এই বাংলা/এমএস
টপিক

