কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অবৈধ চায়না দুয়ারী জাল তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল, জাল তৈরির মেশিন ও অন্যান্য সরঞ্জাম জব্দ করেছে মৎস্য বিভাগ। এ সময় এক সহযোগীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও করা হয়েছে।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মধ্যরাজিব সয়ারকাজী গ্রামে একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩০ মিটার দৈর্ঘ্যের ৬৮০টি চায়না দুয়ারী জাল, জাল তৈরির ৪টি মেশিন এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। জব্দকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৪ লাখ টাকা।
অভিযানকালে জাল তৈরির কাজে ব্যবহৃত তিনটি ডায়াস ধ্বংস করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কারখানার এক সহযোগীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এছাড়া অভিযানে উদ্ধার হওয়া ৮০টি অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। তবে কারখানার মূল মালিক ও তার এক সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, জব্দকৃত জাল থানার হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

