সম্মানী ভাতা বৃদ্ধির দাবিতে নাটোরে ডাকঘরের ইডি কর্মচারীদের মানববন্ধন

নাটোর প্রতিনিধি :

সম্মানী ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতিসহ দুই দফা দাবিতে নাটোরে ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা। দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (৬ জুলাই) সকাল থেকে নাটোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের নাটোর জেলা শাখার সভাপতি সাখাওয়াত হোসেন। এ সময় বক্তব্য দেন জেলা শাখার সেক্রেটারি তৈয়ব আলীসহ অন্যান্য নেতারা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা প্রতিদিন মাত্র ১৫০ টাকা সম্মানীতে দায়িত্ব পালন করছেন, যা বর্তমান দ্রব্যমূল্যের বাজারে অত্যন্ত অপ্রতুল। তারা সম্মানী ভাতা তিনগুণ বৃদ্ধি এবং ইডি কর্মচারীদের বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

আন্দোলনকারীরা জানান, সারা দেশে প্রায় ২৩ হাজার ইডি কর্মচারী এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। দাবি বাস্তবায়িত না হওয়ায় সোমবার থেকেই বিভিন্ন ডাকঘরে কর্মবিরতি ও ধর্মঘট কর্মসূচি শুরু হয়েছে।

বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় সারাদেশে ডাকসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন আরও জোরদার করা হবে বলেও ঘোষণা দেন তারা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here