সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নে ঘরের জানালা ভেঙে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগের ঘটনায় ভুক্তভোগীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। এ সময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন।
শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ভাষানচর ইউনিয়নে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তিনি পরিবারের খোঁজখবর নেন। সংসদ সদস্যকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।
এ সময় শহিদুল ইসলাম খান বাবুল বলেন, “এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফাতেমা ইসলাম, সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন শাহ, সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান, ভাষানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম কাউসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) দিবাগত রাত ১টার দিকে সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নে এক কিশোরীকে ঘরের জানালা ভেঙে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে কিশোরী অসুস্থ হয়ে পড়লে অভিযুক্তরা মোটরসাইকেলে করে তাকে বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সদরপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

