সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার আকোটের চর ইউনিয়নের ছলেনামা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছলেনামা গ্রামে দীর্ঘদিন ধরে একটি চক্র এক্সকাভেটর (ভেকু) ব্যবহার করে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বাণিজ্যিক উদ্দেশ্যে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এতে ফসলি জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছিল।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার। অভিযানে মাটি কাটার সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জনস্বার্থে এ ধরনের কার্যক্রম বন্ধ রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার বলেন, ফসলি জমির সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি কাটার মাধ্যমে যারা কৃষিজমি ও সাধারণ মানুষের জানমালের ক্ষতি করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
এই বাংলা/এমএস
টপিক

