সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
স্থানীয় অর্থনীতি, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নয়নে আধুনিক ও সুশৃঙ্খল বাজার ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়ে ফরিদপুরের সদরপুরে ইঞ্জি. আ. আজিজ সিকদার হাট-বাজারের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুন) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি পরিকল্পিত ও আধুনিক হাট-বাজার শুধু ব্যবসা-বাণিজ্যের প্রসারই ঘটায় না, বরং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করে এবং কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু, সদস্য সচিব তারিকুল ইসলাম কবির মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভা শেষে অতিথিরা ফিতা কেটে ইঞ্জি. আ. আজিজ সিকদার হাট-বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এ হাট-বাজার স্থানীয় ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, কৃষিপণ্যের সহজ বাজারজাতকরণ এবং এলাকার সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

