বাঁশখালীতে রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স সোসাইটির বৈজ্ঞানিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স (ওয়েলফেয়ার) সোসাইটি, বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস পিএলসির সহযোগিতায় ‘সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলার চেচুরিয়া এলাকার এসকেবি কনভেনশন হলে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

বাংলাদেশ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স (ওয়েলফেয়ার) সোসাইটি, বাঁশখালী উপজেলা শাখার সভাপতি চিকিৎসক আশেক এলাহী রনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চিকিৎসক এসএন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. ফররুখ আহামেদ ফারুক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মিনহাজুল হক।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মিন্টু ধর, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. আসিফুল হক, বাংলাদেশ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স (ওয়েলফেয়ার) সোসাইটির চট্টগ্রাম জেলা সভাপতি চিকিৎসক মুনির উদ্দিন চৌধুরী (এমপিএইচ) এবং সংগঠনের বাঁশখালী উপজেলা শাখার কার্যকরী সভাপতি চিকিৎসক আমিনুল ইসলাম আমিন।

সেমিনারে বক্তারা প্রান্তিক পর্যায়ের চিকিৎসাসেবার মানোন্নয়ন, আধুনিক চিকিৎসা পদ্ধতি, রোগ নির্ণয় এবং চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা অংশগ্রহণকারী চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং যুগোপযোগী চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য, নির্বাহী কমিটির সদস্য, কার্যকরী কমিটির সদস্য এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে সভাপতি চিকিৎসক আশেক এলাহী রনি সফল আয়োজনের জন্য রেনাটা ফার্মাসিউটিক্যালস পিএলসিকে ধন্যবাদ জানান এবং সংগঠনের উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here