সততা ও নিষ্ঠার সঙ্গে আইন পেশা পরিচালনার আহ্বান আইনমন্ত্রীর

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নবীন আইনজীবীদের জন্য প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান নবীন আইনজীবীদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি দরিদ্র ও অসহায় বিচারপ্রার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

রোববার (২৬ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আয়োজিত ‘নবীন আইনজীবী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আইনমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। আইনজীবী সমিতির পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও তিনি আশ্বাস দেন। পাশাপাশি আইনজীবীদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা এবং আদালতের এজলাস সংকটসহ বিভিন্ন অবকাঠামোগত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান।

তিনি জুলাই আন্দোলন ও গত ১৭ বছরে বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় নিহতদের স্মরণ করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন নবীন আইনজীবীদের অভিনন্দন জানান। তিনি চট্টগ্রামে আইনজীবীদের চেম্বার সংকট, আদালতের এজলাসের স্বল্পতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয় তুলে ধরে এসব সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে নবীন ও জুনিয়র আইনজীবীদের পেশাগত উন্নয়ন এবং জীবনমান উন্নয়নে বিশেষ সরকারি সহায়তার দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান, মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ.জি.এম. মনিরুল হাসান সরকার এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার নবীন আইনজীবীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সমিতির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। কর্মশালায় সমিতির নেতৃবৃন্দসহ প্রায় এক হাজার নবীন আইনজীবী অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here