শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। সোমবার সকালে শ্রীবরদী বাজার মোড়ে কয়েক শতাধিক তৌহিদী জনতা, আলেম-ওলামা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নংগরপাড়া গ্রামের যুবক সোহাগ আলী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেন। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। মসজিদ-মাদ্রাসার শিক্ষার্থী, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষ তার দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

সোমবার সকাল ১০টার দিকে শ্রীবরদী বাজার মোড়ে ব্যানার-ফেস্টুন হাতে বিক্ষোভে অংশ নেন কয়েক শতাধিক মানুষ। বক্তারা বলেন— “মহানবী (সা.)-এর মর্যাদা রক্ষায় আমরা জীবন দিতেও প্রস্তুত। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অধিকার কারও নেই। অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
বক্তারা আরও বলেন, সোহাগ আলীর মন্তব্য মুসলমানদের ঈমান-আক্বীদায় আঘাত করেছে। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসন বিক্ষোভস্থলে সতর্ক অবস্থান নেয়। পুরো এলাকা টহল ও নজরদারির আওতায় রাখা হয়। পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখা হবে।
বিক্ষুব্ধ জনতা বলেন— “রাসূলুল্লাহ (সা.)-এর সম্মান রক্ষায় আমরা একতাবদ্ধ। আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তিই ভবিষ্যতে এ ধরনের অপকর্ম রোধ করবে।”
এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন নিশ্চিত করেছে।
এই বাংলা/এমএস
টপিক

