বিশেষ প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বালিজুরি অফিসপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিজিবি ফাঁড়ির হাবিলদার মনিরের নেতৃত্বে রানীশিমুল ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে স্থানীয় ফরিদ ওরফে টেন্ডুল ফরিদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে গরুগুলো জব্দ করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয়দের অভিযোগ, ফরিদ মিয়া দীর্ঘদিন ধরে ‘লাইনম্যান’ পরিচয়ে এলাকায় চোরাচালান নিয়ন্ত্রণ করে আসছিলেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান মঙ্গলবার (১৬ জুন) সকালে গরু জব্দের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জব্দকৃত গরুগুলোর সিজার মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং বিধি মোতাবেক পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য গরুগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

