গাজীপুর প্রতিনিধি :
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ক্যাম্পাসে দীর্ঘমেয়াদি “বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬–২০৩০” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। উদ্বোধনের অংশ হিসেবে তিনি একটি নিম গাছের চারা রোপণ করেন।
এ সময় বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান একটি বারোমাসি আমড়া গাছের চারা রোপণ করেন। এছাড়া প্রো-উপাচার্য অধ্যাপক ড. আনিসুর রহমান এবং অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম পৃথকভাবে বিভিন্ন গাছের চারা রোপণ করেন।
পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কনফারেন্স হলে “প্রতিটি চারা হোক গ্রিন ক্যাম্পাসের নতুন স্বপ্নের সূচনা” স্লোগানকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রধান অতিথির বক্তব্যে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাউবির মূল ক্যাম্পাসসহ ১২টি আঞ্চলিক ও ৬৩টি উপ-আঞ্চলিক কেন্দ্রে একযোগে এ কার্যক্রম শুরু হয়েছে। পরিবেশ সুরক্ষা ও গ্রিন ক্যাম্পাস গড়ার লক্ষ্যে আগামী পাঁচ বছর এ কর্মসূচি চলবে বলেও তিনি জানান।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়তে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অন্তত একটি করে গাছ লাগানো ও তার পরিচর্যার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রো-উপাচার্য অধ্যাপক ড. আনিসুর রহমান ও অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
দিনব্যাপী এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন এবং ভার্চুয়ালি বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রের প্রতিনিধিরা অংশ নেন।

