শেরপুর-নালিতাবাড়ী সড়কে বালুর স্তূপে অটোরিকশার ধাক্কা, চালক-যাত্রী নিহত

বিশেষ প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী এলাকায় সড়কের পাশে রাখা বালুর স্তূপে অটোরিকশার ধাক্কায় চালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে শেরপুর-নালিতাবাড়ী সড়কের বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়া এলাকার একদিল হোসেনের ছেলে কামরুল হোসেন (৪০) এবং সালেহাবাদ কৃষ্ণপট্টি এলাকার আব্দুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে শহিদুল ইসলাম ঢাকা থেকে নালিতাবাড়ী শহরে পৌঁছান। পরে অটোরিকশাচালক কামরুল হোসেনকে নিয়ে তিনি পাঁচগাঁও সাগরদী কৃষ্ণপট্টিতে তাঁর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পথিমধ্যে চেল্লাখালী এলাকায় বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে সড়কের পাশে রাখা বালুর স্তূপের সঙ্গে অটোরিকশাটির সজোরে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক কামরুল হোসেন ও যাত্রী শহিদুল ইসলামের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে অপরিকল্পিতভাবে বালুর স্তূপ ফেলে রাখার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তারা ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সড়কের পাশে নির্মাণসামগ্রী নিরাপদভাবে সংরক্ষণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here