স্টাফ রিপোর্টার :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীরবাড়ী ইউনিয়ন এবং নবগঠিত মোকামতলা উপজেলার সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পৃথক তিনটি স্থানে এ গণশুনানির আয়োজন করা হয়।
গণশুনানিতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। উপস্থিত ব্যক্তিরা ইউনিয়নগুলোর সম্ভাব্য নতুন নাম, স্থানীয় ইতিহাস-ঐতিহ্য এবং জনমতের প্রতিফলন বিষয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে জনমনে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হলে নাম পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের বিষয়ে স্থানীয় জনগণের মতামত গ্রহণের সিদ্ধান্ত নেয়।
মীরবাড়ী ইউনিয়নের নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান জানান, বেতগাড়ী মীরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে অংশগ্রহণ নিশ্চিত করতে আগেই নোটিশ জারি, মাইকিং এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও হাটবাজারে প্রচারণা চালানো হয়। তিনি বলেন, নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় ইতিহাস, ঐতিহ্য এবং সর্বজনগ্রাহ্য মতামতকে গুরুত্ব দেওয়া হবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সীমান্ত ইউনিয়নের নাম পরিবর্তন বিষয়ক কমিটির আহ্বায়ক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহাবুব হাসান চৌধুরী জানান, সৈয়দপুর জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গণশুনানিতে এলাকাবাসী তাদের মতামত ও প্রস্তাব উপস্থাপন করেছেন। এসব মতামত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
অন্যদিকে দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন সংক্রান্ত গণশুনানি মোকামতলা ভরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এ কমিটির আহ্বায়ক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুন জানান, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং স্থানীয়দের মতামত গুরুত্বের সঙ্গে সংরক্ষণ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গণশুনানিতে প্রাপ্ত মতামত ও সুপারিশ পর্যালোচনা করে পরবর্তী সময়ে ইউনিয়নগুলোর নাম পরিবর্তন বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এই বাংলা/এমএস
টপিক

