স্টাফ রিপোর্টার :
বগুড়ার শিবগঞ্জে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কথিত নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিবগঞ্জ পৌর শহরের শহীদ মীর মুগ্ধ স্কয়ার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। তারা যেকোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা ও অস্থিতিশীলতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি আদায়ের প্রত্যয় ব্যক্ত করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কর্মসূচি শেষে উপজেলা যুবদলের সভাপতি ও পৌরসভা মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ মীর মুগ্ধ স্কয়ার থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, বিএনপি নেতা আবু তাহের, রাসেল মাহমুদ সবুজ, যুবদল নেতা আব্দুল্লাহ জোবায়ের, মাহদি হাসান তমাল, আবু শাহিন, আক্কাছুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি, বারিক হোসেন, ছাত্রদল নেতা মীর মুন, সাদ্দাম হোসেন বাঘ ও শাহরিয়ার ইমনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচি ও মিছিল চলাকালে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল বলে জানা গেছে। নেতাকর্মীরা শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচি সম্পন্ন করেন এবং ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেন।
এই বাংলা/এমএস
টপিক

