গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর মহানগরে গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. কামরুল হাসান ও এএসআই মো. আলামিন হোসেন।
অভিযানটি গাজীপুর মহানগরের বাসন থানাধীন নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন জিং হং গার্মেন্টসের সামনে পরিচালিত হয়। এ সময় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে আশরাফুল ইসলাম (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা ইয়াবা জব্দ করে আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আটক আশরাফুল ইসলামের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কলেজ রোড এলাকায়। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের বাসন থানার দিঘীরচালা এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল, পিপিএম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং মাদক নির্মূলে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

