
স্টাফ রিপোর্টার :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয় মাঠ বৃহস্পতিবার রাতে পরিণত হয়েছিল জনতার সমুদ্রে। ছাত্র, যুবক, নারী ও প্রবীণ—সব শ্রেণির মানুষের হাতে ছিল ধানের শীষের পতাকা, মুখে স্লোগান। শিবগঞ্জ ইউনিয়ন বিএনপির আয়োজিত কর্মীসভা যেন উৎসবে রূপ নেয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সন্ধ্যা সাড়ে সাতটায় ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়ারেছ আকন্দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম। বক্তব্য শুরু করতেই উপস্থিত হাজারো জনতা করতালিতে ফেটে পড়েন।
মীর শাহে আলম বলেন, “তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ আজ সারা দেশে আশার প্রতীক হয়ে উঠেছে। বগুড়ার মানুষ গণতন্ত্রের প্রতি তাদের আস্থা ও ভালোবাসা ধানের শীষের মাধ্যমে প্রকাশ করছে।”
তিনি আরও বলেন, “শিবগঞ্জের জনগণ দীর্ঘদিন ধরে অন্যায়ের শিকল ভাঙতে চেয়েছে। আজ তারা জানিয়ে দিয়েছে—তারা পরিবর্তন চায়, চায় ন্যায় ও গণতন্ত্রের বাংলাদেশ।”
জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, “ধর্মের নামে যারা প্রতারণা করে, তাদের সঙ্গে জনগণ আর নেই। সুযোগ পেলেই যারা ধর্মকে ব্যবসার হাতিয়ার বানায়, তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না।”
এ সময় অডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এপিএস ও স্থানীয় কৃতি সন্তান মাসুদুর রহমান রুবেল। তিনি জিয়া পরিবারের সুস্থতা ও কল্যাণ কামনা করে দোয়ার আহ্বান জানান।
কর্মীসভা জুড়ে ছিল উচ্ছ্বাস ও উদ্দীপনার পরিবেশ। করতালি, স্লোগান ও আলোর ঝলকে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৫ সালে একই স্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এক কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছিলেন।
এই বাংলা/এমএস
টপিক
