কুড়িগ্রাম প্রতিনিধি :
দুর্যোগজনিত পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিত এবং বিশেষ মূল্যায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম সরকারি কলেজের এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানান। পরে তারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, চলমান দুর্যোগের কারণে অনেক পরীক্ষার্থী চরম সংকটে রয়েছেন। এ অবস্থায় অবিলম্বে এইচএসসি পরীক্ষা স্থগিত করা প্রয়োজন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শিক্ষার্থীরা কয়েকটি দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো—
- দুর্যোগ পরিস্থিতির কারণে চলমান বা আসন্ন এইচএসসি পরীক্ষা স্থগিত করা।
- দুর্যোগকবলিত এলাকার পরীক্ষার্থীদের জন্য বিশেষ মূল্যায়নের ব্যবস্থা করা।
- প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে দুটি বিষয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিকল্প মূল্যায়ন পদ্ধতি চালুর বিষয়টি বিবেচনা করা।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

