দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের শিবালয়ে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মহাদেবপুর ইউনিয়ন সরকারি ডিগ্রি কলেজ মাঠে ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের আয়োজনে কর্মসূচিটি পালিত হয়। অনুষ্ঠান শুরুতেই হাজার হাজার নেতা-কর্মী মিছিল সহকারে অনুষ্ঠানস্থল পরিপূর্ণ করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ও মানিকগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী কৃষিবিজ্ঞানী প্রফেসর ড. খোন্দকার আকবর হোসেন বাবলু। তিনি বক্তৃতায় বলেন, “৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা বর্তমানে অত্যন্ত জরুরি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সংকটময় মুহূর্তে জাতির রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হন। তার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।”
তিনি আরও বলেন, “দলের স্বার্থে সবাইকে একত্রে কাজ করতে হবে। মনোনয়ন যাকেই দেওয়া হোক না কেন, ধানের শীষের বিজয়ের জন্য প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভাজন ও কোন্দল ভুলে একে অপরের সহযোগী হয়ে কাজ করতে হবে। বিএনপি জনগণের দল; এখানে মতভেদ নয়, ঐক্যই আমাদের শক্তি।”
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কনিষ্ঠপুত্র খোন্দকার আকতার হামিদ পবন এবং দুই কন্যা কণ্ঠশিল্পী ডাঃ খোন্দকার আকতারা খাতুন লুনা ও ডাঃ দেলায়ারা বেগম পান্না।
সভায় বক্তারা আরও উল্লেখ করেন, ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের পথ খোলা হয়েছিল। তার ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

