রাষ্ট্রীয় সভা আয়োজনের প্রস্তুতিতে নব রূপে সজ্জিত হচ্ছে ঐতিহাসিক উত্তরা গণভবন: শিল্প উপদেষ্টা

0
171
আজ সকালে নাটোরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :


ঐতিহাসিক উত্তরা গণভবনকে পুনরায় রাষ্ট্রীয় সভা ও নীতিনির্ধারণী কার্যক্রমের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। রক্ষণাবেক্ষণ, অবকাঠামো সংস্কার, নিরাপত্তা জোরদারসহ সামগ্রিক প্রশাসনিক কার্যক্রমকে সক্রিয় করতে ইতোমধ্যে একাধিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শনিবার সকাল সাড়ে ১০টায় উত্তরা গণভবন পরিদর্শন শেষে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, বহুদিনের অবহেলার পর গণভবনের সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন হচ্ছে।

তিনি বলেন, “উত্তরা গণভবনকে প্রস্তুত রাখা আমাদের কর্তব্য। রেওয়াজ অনুযায়ী প্রতিটি সরকারের একটি সভা এখানে অনুষ্ঠিত হয়। সেই দৃষ্টিভঙ্গি সামনে রেখে ভবনটিকে আধুনিক সুবিধাসম্পন্ন ও কার্যকরভাবে সাজানো হচ্ছে, যাতে যেকোনো রাষ্ট্রীয় সভা নির্বিঘ্নে আয়োজন করা যায়।”

দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ এই অতিথিশালাটি নানা সময় উচ্চপর্যায়ের বৈঠক ও নীতিনির্ধারণী আলোচনার কেন্দ্র ছিল। তবে দীর্ঘ অবহেলায় ভবনটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় তা পুনর্গঠনের উদ্যোগ নেয়া হয়। শিল্প উপদেষ্টা জানান, অভ্যন্তরীণ সৌন্দর্যবর্ধন, অতিথিকক্ষ সংস্কার, সভাকক্ষ আধুনিকায়ন, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নসহ সবক্ষেত্রে সংস্কারকাজ এখন প্রায় শেষ পর্যায়ে।

পরিদর্শনকালে তিনি নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি স্থাপন, আলোকসজ্জার উন্নয়ন, বাগান সংস্কারসহ চলমান কাজ ঘুরে দেখেন। ভবিষ্যতে উত্তরা গণভবনের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে বাড়তি পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। রক্ষণাবেক্ষণে নিয়োজিত কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে চলমান উন্নয়নকাজ অব্যাহত রাখার নির্দেশ দেন।

এ সময় জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওহাবসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here