কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৮ কেজি পচা মহিষের মাংস জব্দ করা হয়েছে। পরে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় জব্দকৃত মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়। তবে অভিযানের খবর পেয়ে পালিয়ে যান অভিযুক্ত বিক্রেতা।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সিংগারডাবড়ীহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সামিউর রহমান।
পলাতক বিক্রেতা মোঃ আবুল কালাম কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের দেবীচরণ গ্রামের মোঃ ছপুর উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় ক্রেতারা জানান, দীর্ঘদিন ধরে কসাই মোঃ ইয়াছিন আলীর সঙ্গে একই সেডঘরে গরু ও মহিষের মাংস বিক্রি করে আসছিলেন মোঃ আবুল কালাম। নিয়মিত মাংস কিনতে আসা কয়েকজন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “মানুষ টাকার জন্য এত জঘন্য কাজও করতে পারে, ভাবতেই খারাপ লাগছে।”
অভিযানকালে রাজারহাট উপজেলা ভেটেরিনারি সার্জন মোছাঃ রনজিনা আক্তার, রাজারহাট উপজেলা স্যানিটারি পরিদর্শক মোউ আব্দুল লতিফ সিদ্দিকী, রাজারহাট থানার পুলিশ সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

