ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুর উপজেলার আরুয়া সোনারগাঁও গ্রামে সৌদি আরব প্রবাসী শাহিন হোসেন লিটনের বসতঘরে চুরির ঘটনা ঘটেছে।
চোর চক্র নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা লুটে নিলেও গৃহকর্ত্রী চোরকে চিনে ফেলায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাড়াহুড়ো করে পালানোর সময় অভিযুক্ত চোর তার একপাটির জুতা ফেলে রেখে যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার ভোররাতে কৌশলে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে চোর। আলমারি ও ব্যাগ তল্লাশি করে সে নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা হাতিয়ে নেয়।
এরপর চোরটি ঘরে থাকা মোবাইল ফোন নিতে গেলে প্রবাসীর স্ত্রী শারমিন বেগমের ঘুম ভেঙে যায়।
শারমিন বেগম জানান, অন্ধকার থাকলেও তিনি চোরকে সরাসরি দেখে ফেলেন এবং চিৎকার শুরু করেন। ধরা পড়ার ভয়ে চোর দ্রুত পালিয়ে যায়।
এ সময় স্থানীয়দের ধারণা, পালানোর সময় চোরটি হোঁচট খেয়ে পায়ে আঘাত পেয়েছে এবং তাড়াহুড়োর কারণে নিজের একপাটির জুতা ফেলে গেছে।
ভুক্তভোগী শারমিন বেগম দাবি করেন, তিনি চোরকে স্পষ্ট চিনতে পেরেছেন। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার ইদ্রিসের ছেলে রবিউল।
তিনি বলেন, ”আমি নিজ চোখে রবিউলকে চুরি করে পালাতে দেখেছি। সে আমাদের নগদ টাকা নিয়ে গেছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এই ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা নেব।”
ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানো হয়েছে এবং অভিযুক্ত রবিউল সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
রাজাপুর থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বাংলা/এমএস
টপিক

