গাকৃবির গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন প্রফেসর ড. তোফাজ্জল ইসলাম

0
365
গাকৃবির গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন নিযুক্ত হলেন বিজ্ঞানী ড. তোফাজ্জল ইসলাম / ছবি - এই বাংলা

গাজীপুর জেলা প্রতিনিধি :


গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা স্বাক্ষরিত এক অফিস আদেশে গত ২৯ ডিসেম্বর এ তথ্য জানানো হয়।

নিয়োগের মাধ্যমে তিনি বর্তমান ডিন প্রফেসর ড. মো. রমিজ উদ্দিন মিঞার স্থলাভিষিক্ত হলেন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়। আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ থেকে পরবর্তী দুই বছরের জন্য তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রফেসর ড. তোফাজ্জল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে কৃষিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লায়েড বায়োসায়েন্সে সর্বোচ্চ ডিস্টিংসনসহ পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তিনি গাকৃবির ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (আইবিজিই)-এর প্রতিষ্ঠাতা পরিচালক। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক বিভাগ ও বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গবেষণাক্ষেত্রে তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য অবদান ২০১৬ সালে বাংলাদেশে গমের ব্লাস্ট রোগ শনাক্তকরণে আন্তর্জাতিক বিজ্ঞানী দলের নেতৃত্ব প্রদান। এ গবেষণার মাধ্যমে তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। তাঁর উদ্ভাবিত ক্রিসপার (CRISPR) ভিত্তিক দ্রুত রোগ শনাক্তকরণ প্রযুক্তি বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর ৪৮০টিরও বেশি গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। গুগল স্কলার অনুযায়ী তাঁর গবেষণার সাইটেশন সংখ্যা ১৫ হাজারের বেশি এবং এইচ-ইনডেক্স ৬১, যা বাংলাদেশের বিজ্ঞানীদের মধ্যে এক বিরল অর্জন।

আন্তর্জাতিক স্বীকৃতির অংশ হিসেবে তিনি আমেরিকান ফাইটোপ্যাথলজিক্যাল সোসাইটি (APS)-এর ১২০ বছরের ইতিহাসে প্রথম বাঙালি হিসেবে ‘ফেলো’ নির্বাচিত হন। পাশাপাশি তিনি দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস (TWAS) ও বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (BAS)-এর ফেলো।

স্ট্যানফোর্ড–এলসেভিয়ার র‍্যাঙ্কিং অনুযায়ী তিনি ধারাবাহিকভাবে বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান করে নিয়েছেন। টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের শীর্ষ গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা অনন্য।

তিনি জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অব সায়েন্স (JSPS), জার্মানির আলেকজান্ডার ফন হুমবোল্ট, যুক্তরাজ্যের কমনওয়েলথ এবং যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট ফেলোশিপের আওতায় পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেছেন।

বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য তিনি বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস গোল্ড মেডেল, ইউজিসি রিসার্চ অ্যাওয়ার্ড, কমনওয়েলথ ইনোভেশন অ্যাওয়ার্ড ও ইসলামি উন্নয়ন ব্যাংক (IsDB) ট্রান্সফরমারস অ্যাওয়ার্ডসহ বহু দেশি-বিদেশি সম্মাননায় ভূষিত হয়েছেন।

গাকৃবির গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে তাঁর নিয়োগ বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় আন্তর্জাতিকীকরণে নতুন গতি সঞ্চার করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here