রাজাপুরে তরুণদের বিজ্ঞান ও স্টার্টআপ প্রদর্শনী, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুর উপজেলায় তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা এবং উদ্যোক্তা বিকাশে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাজাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর-কাঁঠালিয়া আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি এবং সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প, উদ্ভাবনী ধারণা এবং স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করেন। এসব প্রকল্পে শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রযুক্তিনির্ভর চিন্তাভাবনা এবং বাস্তব সমস্যা সমাধানের দক্ষতা উঠে আসে।

বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ আয়োজন করে এডুকেশনাল এগ্রিমেন্ট সাপোর্ট স্কিম (ইইএসএস), সার্বিক সহযোগিতায় ছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সরকারি কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ।”

শেষে প্রধান অতিথি সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here