রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীকে একটি সুন্দর, বাসযোগ্য এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
সোমবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার ওপর যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালন করে রাজশাহীর উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন।
নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। পূর্বসূরিদের নেওয়া মাস্টার প্ল্যান অনুযায়ীই রাজশাহীর উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী সবার সঙ্গে আলোচনা করে কাজের অগ্রগতি ত্বরান্বিত করা হবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, রাজশাহীকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে নাগরিকরা স্বস্তিতে বসবাস করতে পারে এবং সহজে সব ধরনের সেবা পায়। উন্নয়ন কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে মূল লক্ষ্য।
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে তিনি বলেন, প্রতিষ্ঠানের ভেতরে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। অতীতে যেসব অনিয়ম বা দুর্নীতি হয়েছে, সে বিষয়ে তথ্য দিতে তিনি সাধারণ মানুষ ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
দায়িত্ব গ্রহণ শেষে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে আরডিএ অফিস চত্বরে একটি গাছের চারা রোপণ করেন তিনি।

