বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)-এর একটি কারখানায় কর্মরত এক শ্রমিক মেশিন দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় কারখানার কর্মপরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শ্রমিকদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মোংলা ইপিজেডে অবস্থিত চীনা মালিকানাধীন গুয়াংজু হুয়া ফাং সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিডি কোম্পানি লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিক মো. গোলাম তুলা থেকে সুতা তৈরির একটি মেশিনে কাজ করার সময় তার ডান হাতের কনুইয়ের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কারখানার কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, পর্যাপ্ত জনবল না থাকায় কর্মীদের অতিরিক্ত কাজের চাপের মধ্যে দায়িত্ব পালন করতে হয়। তাদের দাবি, ঘটনার সময়ও আহত শ্রমিক চাপের মধ্যেই কাজ করছিলেন। এছাড়া দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে বিলম্ব হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক আরও দাবি করেন, কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন এবং শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত।
তবে এ বিষয়ে মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক কালাম মো. আবুল বাশার জানান, ঘটনার সময় মেশিনে আগুন লাগার পর সেটি বন্ধ করা হলেও যান্ত্রিক কারণে বেল্ট চলমান ছিল। ওই অবস্থায় দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, আহত শ্রমিকের চিকিৎসার ব্যয়ভার কোম্পানি বহন করবে এবং প্রচলিত বিধি অনুযায়ী ক্ষতিপূরণের বিষয়টিও বিবেচনা করা হবে। ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একই সঙ্গে শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেছেন তারা।
এই বাংলা/এমএস
টপিক

