মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ডাকাতি: অস্ত্রের মুখে জিম্মি করে লুট

0
169
আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি / ছবি : এই বাংলা

মিরসরাই প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাই উপজেলার খইয়াছড়া ইউনিয়নের মাছিমেরতালুক এলাকায় অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য সার্জেন্ট মোহাম্মদ আবু সুফিয়ানের বাড়িতে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে দরজার তালা ভেঙে ডাকাতদল তার বাড়িতে ঢুকে পরিবারের পাঁচ সদস্যকে জিম্মি করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, ডাকাতরা দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের মুখে শিশুদের গলা চেপে ধরে সবাইকে নিয়ন্ত্রণে আনে। এরপর আবু সুফিয়ানের হাত লুঙ্গি দিয়ে বেঁধে ফেলে। দুই পুত্রবধূ চিৎকার করলে তাদের কিল-ঘুষি ও থাপ্পড় মারাসহ শারীরিকভাবে নির্যাতন করা হয়। কানের দুল খুলে নিতে গিয়ে এক পুত্রবধূ গুরুতর আঘাত পান।

ডাকাতরা ঘর থেকে প্রায় ১০ ভরি স্বর্ণ, ২৫ হাজার ৭০০ টাকা, এবং ৪টি মোবাইল ফোন লুট করে। ঘরের ভেতরে সাতজন ডাকাত প্রবেশ করলেও বাইরে আরও কয়েকজন পাহারায় ছিল বলে পরিবার জানায়।

অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবু সুফিয়ান বলেন, “ঘটনার সময় ঘরে শুধু দুই পুত্রবধূ, দুই নাতি ও আমার স্ত্রী ছিলেন। ডাকাতেরা সবাইকে বেঁধে ফেলে এবং আমার দুই নাতির গলা চেপে ধরে ভয় দেখায়। তারা যাওয়ার সময় সব রুমের দরজা বন্ধ করে দিলেও আমার স্ত্রীর রুম খোলা ছিল। তিনি সবার দরজা খুলে আমাদের পুরান বাড়িতে নিয়ে যান।”

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, খবর পাওয়ার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৌখিকভাবে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। সকালে পুলিশের আরেকটি টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। ডাকাতদের শনাক্ত ও মালামাল উদ্ধারে অভিযান চলছে বলে তিনি জানান।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here