
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি :
রংপুরের মিঠাপুকুর উপজেলার শুকুরের হাট ও তৎসংলগ্ন এলাকা এখন ভেজাল ও বিষাক্ত গুড় তৈরির কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। গেনার পাড়া ও ফুলচৌকি খামার পাড়া গ্রামের ঘরে ঘরে তৈরি হচ্ছে আখবিহীন, রাসায়নিক মিশ্রিত গুড়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কারখানাগুলোতে আখের পরিবর্তে মেশানো হচ্ছে চিনির সঙ্গে পচা মিষ্টির শিরা, কাপড়ের রং, চুন এবং লিভার ও কিডনি ক্ষতিসাধনকারী বিভিন্ন রাসায়নিক। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত এই মিশ্রণ বাজারে ‘খাঁটি আখের গুড়’ হিসেবে বিক্রি হচ্ছে। বিশেষ করে রমজান মৌসুমে এই চক্রের কার্যক্রম বৃদ্ধি পায়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় কৃষক সাইদুল ইসলাম বলেন, “প্রশাসন অভিযান চালিয়ে জরিমানা করে যায়, কিন্তু কয়েক দিনের মধ্যে আবার গুড় তৈরি শুরু হয়। সাধারণ মানুষকে সরাসরি বিষ দেওয়ার অবস্থা তৈরি হচ্ছে, কিন্তু কোনো স্থায়ী সমাধান হচ্ছে না।”
মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ পারভেজ জানান, “আমি নতুন দায়িত্ব গ্রহণ করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। জনস্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত এমন কোনো কাজ আমরা আর কোনোভাবেই ছিনিমিনি খেলতে দেবো না। শিগগিরই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এই বাংলা/এমএস
টপিক
