মানিকগঞ্জের ঘিওরে উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত 

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

পুরাতন জরাজীর্ণ-গ্লানিকে পেছনে ফেলে বছর ঘুরে আবারও বৈশাখ এলো দ্বারে। নতুন বছর, নতুন ভোর, নতুন আশা- সব নতুনের আহ্বানে এলো ১৪৩৩ বাংলা নববর্ষ।

আজ ( মঙ্গলবার ) সূর্য ওঠার পর থেকেই মানিকগঞ্জের ঘিওর  উপজেলার চত্বর উৎসবমুখর হয়ে ওঠে। লাল পাঞ্জাবি পরা পুরুষ ও সাদা-লাল শাড়িতে দেখা মেলে নারীদের।
গালে-হাতে আলপনা, মাথায় ফুলের টায়রা ও সাজসজ্জায়  রঙিন করে তোলেন তরুণীরা। সারা দেশে উৎসব-উদ্দীপনায় বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়া হচ্ছে। নতুন বছরকে ঘিরে উপজেলাজুড়ে  উচ্ছ্বাসের জোয়ার বইছে।

বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়েছে। মঙ্গলবার  (১৪ এপ্রিল)  ঘিওর উপজেলা চত্বর থেকে এ শোভাযাত্রাটি বের হয়।

নতুন বছরকে স্বাগত জানিয়ে রং-বেরঙের প্ল্যাকার্ড, বাঘ, প্যাঁচা, ফল, রাজা, রানীসহ নানান রকমের মুখোশ ও রঙিন কাগজের নকশা আঁকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এসময় নববর্ষ উপলক্ষে ঘিওর উপজেলাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নির্বাহী অফিসার নাশিতা তুল ইসলাম  বলেন, আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি। আমরা আমাদের ঐতিহ্যকে তুলে ধরতে চেয়েছি। বাংলাদেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি সেটা আমরা দেখাতে চেয়েছি। আজ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই অনুষ্ঠানে অংশ নিয়েছি। আজ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা এক কাতারে। আমরা সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এ দেশকে গড়ে তুলব এবং বিকশিত করবো।

ঘিওর থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান  বলেন, মানুষ উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদ্‌যাপন করবে। কোথাও নিরাপত্তা বিঘ্নিত হবে বলে আমি মনে করি না। আমরা আশাবাদী খুব সুন্দর ভাবে বাংলার হাজার বছরের এই ঐতিহ্য বাংলা নববর্ষ উদ্‌যাপিত হবে।

এসময় শোভাযাত্রায় ঘিওর উপজেলা বিএনপি সভাপতি মীর মানিকুজ্জামান মানিক ও সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়া,মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠনের নেতারা ও সাংস্কৃতিক-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here