মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন বাবা, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :

 

জামালপুরের বকশীগঞ্জে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাকে নিজেই আইনের হাতে তুলে দিয়েছেন এক বাবা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নাহিদ মিয়া (২২) নামে ওই যুবককে এ দণ্ড দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাট্টাজোর ইউনিয়নের চন্দ্রবাজ গ্রামের গোলাম রাব্বানীর ছেলে নাহিদ মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবনের পর তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করতেন। সর্বশেষ বৃহস্পতিবার সকালে মাদক সেবনের পর বাবাকে হাতুড়ি দিয়ে মারধর করে আহত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দীর্ঘদিন ধরে ছেলের এমন আচরণে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাকে প্রশাসনের কাছে সোপর্দ করেন বাবা গোলাম রাব্বানী।

গোলাম রাব্বানী বলেন, “মাদকের নেশায় পড়ে আমার ছেলে প্রতিনিয়ত আমাদের ওপর নির্যাতন চালায়। বৃহস্পতিবার সকালেও মাদক সেবন করে আমাকে মারধর করেছে। অনেক দিন ধরে সবকিছু সহ্য করেছি। কিন্তু আর উপায় না পেয়ে তাকে আইনের হাতে তুলে দিয়েছি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাহিদ মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ও আইনগত কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here